চন্দ্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

গাজীপুর, ২৬ মে – আসন্ন ঈদ উদযাপন উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে গাজীপুরের কর্মজীবী মানুষ। মঙ্গলবার শিল্পকারখানাগুলো একযোগে ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রীমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।
অতিরিক্ত যানবাহনের চাপে চন্দ্রা থেকে কোনাবাড়ী উড়াল সড়ক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দূরপাল্লার যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মঙ্গলবার বিকেলে চন্দ্রা ত্রীমোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, কোনাবাড়ী থেকে চন্দ্রা উড়াল সড়ক এবং চন্দ্রা নবীনগর সড়কের বাড়ইপাড়া পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের তীব্র জটলা।
এর আগে দুপুরের দিকে কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টি যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দেয়। পরিবহণ সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সন্ধ্যা নাগাদ ঢাকা থেকে আসা দূরপাল্লার বাসের সংখ্যা বাড়লে যানজট আরও প্রকট হতে পারে। এক বাস চালক জানান, কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত আসতে তার দুই ঘণ্টা সময় লেগেছে।
যাত্রীরাও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ কেউ টঙ্গী থেকে চন্দ্রা পৌঁছাতে তিন ঘণ্টা সময় ব্যয় করেছেন। চন্দ্রা ফ্লাইওভারের সামান্য পথ পার হতেও দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ যাত্রীদের। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম জানান, সব পোশাক কারখানা একসঙ্গে ছুটি হওয়ায় এবং লাখ লাখ যাত্রী ও যানবাহনের চাপে এই জটলার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এস এম/ ২৬ মে ২০২৬









