জাতীয়

কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তরের ১৬ হাজার কর্মী, লক্ষ্য ১২ ঘণ্টা

ঢাকা, ২৬ মে – আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটির ১৬ হাজার কর্মী মাঠপর্যায়ে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া সাড়ে ৭০০ বর্জ্যবাহী ট্রাকের মাধ্যমে শহরের সব বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ডাম্পিং করা হবে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে। মঙ্গলবার দুপুরে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে সিটি করপোরেশনগুলোকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডিএনসিসির বর্তমান প্রস্তুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রশাসক জানান, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে আমিন বাজার ল্যান্ডফিলে নতুন সংযোগ সড়ক ও প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পরিবহনের কাজ তদারকি করা হবে। ইতোমধ্যে নগরবাসীর মধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে।

বর্জ্য অপসারণের পর এলাকা জীবাণুমুক্ত করতে ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল এবং ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। বর্ষাকালে জলাবদ্ধতার ঝুঁকি এড়াতে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কুইক রেসপন্স টিম ও ড্রেনেজ টিম প্রস্তুত রাখা হয়েছে। সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদের ইমামদের মাধ্যমে প্রচারণার ব্যবস্থাও গ্রহণ করেছে ডিএনসিসি। সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language