সচেতনতা

তীব্র তাপপ্রবাহে বিপাকে পোষা প্রাণীরা: সুরক্ষায় বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ

ঢাকা, ২৫ এপ্রিল – তীব্র তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে পোষা প্রাণীরা। রাজধানীসহ সারাদেশে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বিড়াল, কুকুর ও শৌখিন পাখিদের মধ্যে পানিশূন্যতা ও হিট স্ট্রোকের মতো জটিলতা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রিয় পোষা প্রাণীদের সুরক্ষায় মালিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলমান গরমে পোষা প্রাণীদের মধ্যে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা ছাড়াও ডায়রিয়া, জ্বর এবং ক্লান্তিজনিত সমস্যা প্রকট হয়ে উঠেছে।

পশু চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরমে কুকুরের নাক গরম ও শুষ্ক হয়ে যাওয়া জ্বরের একটি বড় লক্ষণ হতে পারে। এছাড়া অস্বাভাবিক মলত্যাগ বা মলে রক্তের উপস্থিতি দেখা দিলে বুঝতে হবে প্রাণীটি মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছে। পশু চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, বর্তমান সময়ে গরমের কারণে চর্মরোগ বা ডার্মাটাইটিস নিয়ে অনেক মালিক তাদের পোষা প্রাণীকে ক্লিনিকে নিয়ে আসছেন। তিনি জানান, প্রাণীদের নিয়মিত গোসল করানো, ঘর ঠান্ডা রাখা এবং লোম বড় হলে তা ছেঁটে দেওয়ার মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব।

বাড়িতে ময়না, টিয়া বা বাজরিগারের মতো পাখি যারা পালন করেন, তাদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে খাঁচায় খাবার পানির পাশাপাশি গোসলের জন্য পৃথক পাত্র রাখতে হবে। খাঁচার আশপাশে বাতাস চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। বিড়াল ও কুকুরের ক্ষেত্রে দিনের প্রখর রোদে বাইরে নেওয়া পরিহার করতে হবে। কেবল ভোরবেলা বা সন্ধ্যার পর তাদের হাঁটাচলা করানো যেতে পারে।

পাশাপাশি কোনোভাবেই বদ্ধ গাড়িতে পোষা প্রাণী রাখা যাবে না। সবসময় হাতের নাগালে পরিষ্কার ও তাজা পানি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনো পোষা প্রাণী হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে, খাবার গ্রহণে অরুচি দেখায় কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি লালা ঝরায়, তবে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জরুরি পরিস্থিতির জন্য আগে থেকেই প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language