ইউরোপ

হাঙ্গেরিতে পা দিলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার

বুদাপেস্ট, ২৪ এপ্রিল – হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির মাটিতে পা রাখলে তাকে গ্রেপ্তার করতে তার সরকার বাধ্য থাকবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হাঙ্গেরি আইসিসির সদস্য হিসেবে থাকলে এই বাধ্যবাধকতা এড়ানোর কোনো সুযোগ নেই, এমনকি তা রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সাংবাদিকদের সাথে আলাপকালে ম্যাগিয়ার বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালত থেকে হাঙ্গেরিকে সরিয়ে নেওয়ার পূর্ববর্তী পরিকল্পনা বাতিল করবেন। সম্প্রতি হাঙ্গেরির জাতীয় নির্বাচনে পিটার ম্যাগিয়ারের দল এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এর ফলে দেশটিতে ভিক্টর অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান হতে চলেছে। খুব শীঘ্রই ম্যাগিয়ার হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

উল্লেখ্য, বিদায়ী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গত বছর ঘোষণা করেছিলেন যে হাঙ্গেরি আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। মূলত নেতানিয়াহুর গ্রেপ্তার এড়াতেই অরবান এমন কৌশলগত পদক্ষেপ নিয়েছিলেন। তবে ম্যাগিয়ারের এই নতুন ঘোষণা অরবানের সেই বিতর্কিত নীতি থেকে সম্পূর্ণ সরে আসার ইঙ্গিত দিচ্ছে। রাজধানী বুদাপেস্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যাগিয়ার বলেন, হাঙ্গেরির বর্তমান ও ভবিষ্যৎ অবস্থানের বিষয়ে তিনি নেতানিয়াহুকে স্পষ্টভাবে অবহিত করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, হাঙ্গেরি আইসিসির সদস্যপদ ত্যাগ করবে না এবং আদালতের পরোয়ানাভুক্ত কেউ দেশটিতে প্রবেশ করলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে আইসিসি। আগামী শরৎকালে অরবানের আমন্ত্রণে নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের কথা থাকলেও ম্যাগিয়ারের এই অনমনীয় অবস্থানের কারণে সেই সফর এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এস এম/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language