হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

মুম্বাই, ২২ এপ্রিল – ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী পরলোকগমন করেছেন। গত মঙ্গলবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায় যে মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দিব্যাঙ্কাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন। পড়াশোনায় মেধাবী দিব্যাঙ্কা চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। টিকটক এবং ইনস্টাগ্রামেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তবে আকস্মিক এই বিয়োগান্তক ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬









