ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ: ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

তেহরান, ২২ এপ্রিল – ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চলতি সপ্তাহে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার মেহেদি ফারিদ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মোসাদের কাছে ইরানের স্পর্শকাতর জাতীয় তথ্য পাচার করেছেন।
এর আগে সপ্তাহের শুরুতেই একই অভিযোগে আমির আলি মিরজাফারি, হামিদ ওয়ালিদি এবং মোহাম্মদ মাসুম শাহী নামে আরও তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড প্রদানের ইতিহাস দীর্ঘদিনের। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং ভিন্ন মতাবলম্বীদের দমনেই ইরান এই পথ বেছে নিয়েছে।
বিশেষ করে রাজনৈতিক বন্দি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর এই কঠোর সাজা প্রয়োগের অভিযোগ রয়েছে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং প্যারিস ভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি এর একটি যৌথ প্রতিবেদন অনুযায়ী গত ২০২৫ সালে ইরান অন্তত ১৬৩৯ জনের সাজা কার্যকর করেছে যা তিন দশকের মধ্যে সর্বোচ্চ।
প্রতিবেদনটিতে বিচারব্যবস্থায় স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক রাফায়েল শেনুইল হাজান জানান ইরানে মৃত্যুদণ্ডকে মূলত রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যেখানে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









