দেশের ৯ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা শনিবারে

ঢাকা, ২১ এপ্রিল – বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই দেশের নয়টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে এই তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এই তাপপ্রবাহ আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী শনিবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির নিচে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
আবহাওয়াবিদ কবির উল্লেখ করেন যে, গত তিন বছরের তুলনায় এ বছর গ্রীষ্মের আবহাওয়া তুলনামূলক সহনশীল পর্যায়ে রয়েছে। মঙ্গলবার রাজধানীর তাপমাত্রাও ছিল ঊর্ধ্বমুখী এবং সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে অধিদপ্তর।
এনএন/ ২১ এপ্রিল ২০২৬









