জাতীয়
কারিগরি ত্রুটিতে তিতাস এলাকায় গ্যাসের তীব্র সংকট

ঢাকা, ২১ এপ্রিল – এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিভুক্ত এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকবে। মঙ্গলবার তিতাস গ্যাসের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল কারিগরি সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। সরবরাহে এই বড় ঘাটতির কারণে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণ অংশসহ তিতাস গ্যাস নেটওয়ার্কের আওতাধীন সমগ্র এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









