আইন-আদালত

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ঢাকা, ২০ এপ্রিল – জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন এবং তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে যে ফরহাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৩৫ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।

এছাড়া ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার নামে ৯৪ কোটি ৫ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে যা আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করছে দুদক। এই অবৈধ সম্পদ অর্জনে ফরহাদ হোসেনের প্রভাব ও সহায়তা ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তের ধারাবাহিকতায় তারও সকল আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language