জিমেইল অ্যাপে যুক্ত হলো এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা

ঢাকা, ১৭ এপ্রিল – স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ইমেইল আদান প্রদান আরও নিরাপদ করতে নতুন ফিচার যুক্ত করেছে জিমেইল। অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছে গুগল। এর ফলে এখন থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা জিমেইল অ্যাপের মাধ্যমেই এনক্রিপ্টেড মেইল পাঠাতে পারবেন। এই প্রযুক্তির ব্যবহারের ফলে আদান প্রদান করা তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে।
গুগল এক বিবৃতিতে জানিয়েছে যে জিমেইল অ্যাপের মোবাইল সংস্করণে এই প্রথম সরাসরি এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুবিধা ব্যবহারের জন্য প্রেরক বা প্রাপক কাউকেই আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। তবে বর্তমানে এই ফিচারটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব স্তরের ব্যবহারকারীরা এটি ব্যবহারের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী জিমেইলে আদান প্রদান করা সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন হবে না। ব্যবহারকারীকে ম্যানুয়ালি এই সুরক্ষা ফিচারটি চালু করে নিতে হবে। এজন্য ইমেইল লেখার পর লক আইকনে ক্লিক করে অ্যাডিশনাল এনক্রিপশন অপশনটি নির্বাচন করতে হবে। এনক্রিপশন করা ইমেইলগুলো সাধারণ মেইলের মতোই প্রাপকের ইনবক্সে জমা হবে।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









