আইওএস ২৭ নিয়ে আসছে অ্যাপল: নতুন সিরি ও স্যাটেলাইট প্রযুক্তিতে বড় চমক

ওয়াশিংটন, ৪ মে – অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৬ আগামী ৮ জুন অনুষ্ঠিত হতে পারে। এই আয়োজনেই প্রতিষ্ঠানটি আইওএস ২৭ উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি সিরি অ্যাপ।
এটি আইওএস ২৭ এর পাশাপাশি আইপ্যাডওএস ২৭ এবং ম্যাকওএস ২৭ সংস্করণেও যুক্ত করা হবে। নতুন সিরিতে থাকবে উন্নত এক্সটেনশন ফিচার। ব্যবহারকারীরা চ্যাটজিপিটি বা জেমিনির মতো টেক্সট ও ভয়েস মোডে কথা বলার পাশাপাশি পুরনো কথোপকথনের ইতিহাস দেখতে পারবেন। ডায়নামিক আইল্যান্ডে সিরি চালু করলে গ্লোয়িং কার্সরসহ নতুন প্রম্পট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া মেইল ও মেসেজ অ্যাপের তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগতকৃত উত্তর দেবে এই এআই সহকারী। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, এ বছরই ব্যবহারকারীদের হাতে আরও উন্নত ও ব্যক্তিগতকৃত সিরি পৌঁছে দেওয়া তাদের অন্যতম লক্ষ্য।
আইওএস ২৭ সংস্করণে ৫জি স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের সুবিধাও যুক্ত হতে পারে। তবে এই সেবাটি সম্ভবত আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সসহ নির্দিষ্ট মডেলগুলোতে সীমাবদ্ধ থাকবে। এর মাধ্যমে অ্যাপল ম্যাপস ও মেসেজ অ্যাপে স্যাটেলাইট ব্যবহার করে ছবি পাঠানো এবং থার্ড পার্টি অ্যাপ ইন্টিগ্রেশনের সুবিধা পাওয়া যাবে।
এমনকি আকাশের দিকে ফোন না তুলেও স্যাটেলাইট সংযোগ নিরবচ্ছিন্ন রাখার প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপল ইন্টেলিজেন্সেও আসছে বেশ কিছু পরিবর্তন। আইফোন ১৫ প্রো বা পরবর্তী মডেলগুলোতে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পুষ্টিগুণ যাচাই, বিজনেস কার্ড থেকে তথ্য সংগ্রহ এবং সাফারি ব্রাউজারের ট্যাব গ্রুপের স্বয়ংক্রিয় নামকরণের মতো ফিচার পাওয়া যাবে।
এছাড়া উন্নত কিবোর্ড এবং নতুন ফটো এডিটিং টুলও এই আপডেটে অন্তর্ভুক্ত থাকবে। আইফোন ১২ এবং এর পরবর্তী সংস্করণগুলোতে আইওএস ২৭ সমর্থন করবে। তবে আইফোন ১১ সিরিজ এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই এই তালিকা থেকে বাদ পড়তে পারে। পরিকল্পনা অনুযায়ী, জুনে ডেভেলপার বেটা এবং জুলাইয়ে পাবলিক বেটা আসার পর সেপ্টেম্বরে সাধারণ গ্রাহকদের জন্য চূড়ান্ত সংস্করণটি উন্মুক্ত করা হতে পারে।
এস এম/ ৪ মে ২০২৬









