জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে আচরণ অশোভনীয় ছিল: চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী

চুয়াডাঙ্গা, ২৫ মে – ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অশোভনীয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ব্যক্তির সঙ্গে অসম্মানজনক আচরণ কাম্য নয়।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহের ঘটনাটিকে এনসিপি ও বিএনপি উভয় দলই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই শোভনীয় নয়।

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা দ্রুত বিচারের আওতায় আনতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ঈদের ছুটির মধ্যেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

আগামী ১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে। ঈদের ছুটির পর আদালত খোলার প্রথম দিনেই এ বিচার কাজ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট প্রদান করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে মন্ত্রী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী পর্বে যোগ দেন। সেখানে তিনি কবির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বক্তারা কবির অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এনএন/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language