মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট: উচ্ছেদ অভিযানে ডিএনসিসি প্রশাসক

ঢাকা, ২৫ মে – রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে গবাদি পশু বিক্রি করায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন পশুর হাট পরিদর্শনকালে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসক স্টেশনের নিচের সড়ক থেকে সব ধরনের পশু সরিয়ে রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে দেখা যায় উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে ডাইভারশন দিয়ে পশু বেঁধে রাখা হয়েছে। বিষয়টি দেখে প্রশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং কোনোভাবেই যেন রাস্তায় পশুর হাট বিস্তৃত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
এসময় সংশ্লিষ্ট পশুর হাটের ইজারাদারকে তাৎক্ষণিক তলব করে রাস্তায় হাট না বসানোর কড়া নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করার হুঁশিয়ারি দেন তিনি।
ইজারাদারের পক্ষ থেকে জানানো হয় বৃষ্টির কারণে সাময়িকভাবে পশুর মালিকরা স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন তবে তারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিচ্ছেন।
এর আগে সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এসময় তিনি হাসিলের অতিরিক্ত কোনো অর্থ আদায় না করার জন্য হুঁশিয়ারি প্রদান করেন এবং হাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি ৩০০ ফিট বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজ এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাটগুলোও পরিদর্শন করেন।
ঘরমুখো মানুষের যাতায়াতে যেন কোনো ধরনের যানজট বা দুর্ভোগ সৃষ্টি না হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনে প্রশাসকের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২৫ মে ২০২৬









