চাঁপাইনবাবগঞ্জে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও হামের সংক্রমণ

চাঁপাইনবাবগঞ্জ, ১৭ এপ্রিল – চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশুদের পাশাপাশি এখন বড়দের মধ্যেও এই রোগের উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে এবং আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অর্ধেকের বেশি শিশুর বয়স নয় মাসের কম। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন। চলতি বছরের পহেলা মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত সর্বমোট ৭৩৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, উদ্বেগের বিষয় হলো এখন বড়দের মধ্যেও হামের উপসর্গ দেখা দিচ্ছে।
আগে প্রাপ্তবয়স্কদের ঝুঁকির বাইরে রাখা হলেও কয়েক দিনে ভর্তি হওয়া রোগীদের প্রায় আট শতাংশই বয়স্ক। তিনি আরও উল্লেখ করেন যে হাম এখন আর তার আগের নির্দিষ্ট গতিপ্রকৃতি অনুসরণ করছে না বরং সব বয়সের মানুষকে আক্রান্ত করছে। হাসপাতালে আসা শিশুদের ৫২ শতাংশের বয়স নয় মাসের নিচে হওয়ায় তারা এখনো টিকা কর্মসূচির আওতায় আসেনি। ফলে এই শিশুরা সব থেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে। জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









