চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

চাঁপাইনবাবগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে জ্বালানি তেল নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়। জানা যায়, সকাল ১০টার দিকে উদ্ধারকাজে আসা রিলিফ ট্রেনটি নিজেই লাইনচ্যুত হয়ে পড়ে। পরপর দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এতে এই রুটের বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, তেলবাহী ট্রেনটি উদ্ধারের জন্য সকাল ১০টায় ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই লাইনচ্যুত হয়। তবে রেল কর্মকর্তাদের তৎপরতায় দ্রুতই রিলিফ ট্রেনটিকে পুনরায় লাইনে তোলা সম্ভব হয়েছে।
বর্তমানে মূল দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনটির উদ্ধারকাজ চলছে। রেললাইন মেরামত ও ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়ার পর দ্রুতই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









