ফুটবল

নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তির সঙ্গে কথা বললেন প্রেসিডেন্ট লুলা

ব্রাসিলিয়া, ১৫ এপ্রিল – ব্রাজিল জাতীয় দলে নেইমারের ডাক পাওয়া নিয়ে প্রধান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সম্প্রতি ব্রাজিল ২৪৭ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে ফেরার সম্ভাবনা নিয়ে লুলা তাঁর ব্যক্তিগত মতামতও সেখানে খোলামেলাভাবে প্রকাশ করেন। লুলা জানান যে গত ২৬ জানুয়ারি ২০২৭ নারী বিশ্বকাপের এক অনুষ্ঠানে আনচেলত্তির সঙ্গে তাঁর আলাপ হয়।

২০২৭ নারী বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ব্রাজিলের প্রস্তুতি ও ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার এক পর্যায়ে আনচেলত্তি নিজেই জানতে চেয়েছিলেন নেইমারকে দলে রাখা উচিত কি না। জবাবে লুলা বলেন যে যদি নেইমার শারীরিকভাবে ফিট থাকেন তবে তাঁর ফুটবলীয় দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই। তবে দলে ফেরার জন্য তাঁকে অবশ্যই পূর্ণ পেশাদার হতে হবে। প্রেসিডেন্ট উদাহরণ হিসেবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম উল্লেখ করে বলেন যে নেইমারকে তাঁদের মতো নিষ্ঠা ও পরিশ্রম দেখাতে হবে। কেবল নামের জোরে নয় বরং পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিতে হবে।

ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট রসিকতা করে আনচেলত্তিকে তাঁর প্রিয় ক্লাব করিন্থিয়ানসের কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধও জানিয়েছিলেন। এদিকে চোটের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এই ফরোয়ার্ড। আনচেলত্তিও বারবার জানিয়েছেন যে দলে ফিরতে হলে নেইমারকে অবশ্যই ফিটনেস প্রমাণ করতে হবে। আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচের। অন্যদিকে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার।

কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি গোল পেলেও গ্যালারিতে থাকা সমর্থকদের তোপের মুখে পড়েন। ম্যাচ শেষে সমর্থকরা তাঁর ক্লাবপ্রীতি ও সম্মানবোধ নিয়ে প্রশ্ন তুললে নেইমার কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। ইএসপিএনের ফুটেজে তাঁকে সমর্থকদের প্রশ্নের জবাবে নিজের পরিশ্রমের কথা বলতে দেখা যায়। পরে মিক্সড জোনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে গঠনমূলক সমালোচনা মেনে নেওয়া যায় কিন্তু যখন বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে চলে যায় তখন সেটা মেনে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন যে তিনি নিজের কাজের প্রতি সৎ এবং প্রত্যাশার চেয়েও বেশি পরিশ্রম করছেন।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language