ফুটবল

ইতালির প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে পিরলো

রোম, ২৫ জুলাই – চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো। ৪৭ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন।

বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। এর আগে ২০২০ থেকে ২১ মৌসুমে জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন তিনি এবং তার অধীনে ক্লাবটি কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জয় করে।

পিরলোর সঙ্গে চুক্তির খবর আসার আগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ইতালির এই প্রস্তাব ফিরিয়ে দেন। গত এপ্রিলে টানা তৃতীয়বার বিশ্বকাপে সুযোগ পেতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছিলেন তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো। এরপরই পিরলোকে চূড়ান্ত করে এফআইজিসি।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button