লেবাননে নিহত দীপালির মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে: শামা ওবায়েদ

ফরিদপুর, ১১ এপ্রিল – লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশি নারী দীপালি খাতুন রয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় এবং ফ্লাইটের সুবিধা না থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহ আনা সম্ভব হচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লেবাননে অবস্থিত বাংলাদেশ মিশন এ বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, সরকার প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সচেষ্ট রয়েছে। যারা নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারছেন না, তাদের সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে অনেক বাংলাদেশিকে দেশে আনা হয়েছে এবং ইচ্ছুক অন্যদেরও আনার প্রক্রিয়া চলমান।
প্রবাসে বিভিন্ন ঘটনায় নারীসহ আটজন বাংলাদেশির নিহতের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন তিনি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ হারিয়ে দেশে ফেরা রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়েও সরকার উদ্যোগ নেবে বলে তিনি আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং মো. সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬









