মোংলায় অবৈধ জ্বালানি তেল মজুত রোধে কোস্ট গার্ডের যৌথ ভ্রাম্যমাণ আদালত

বাগেরহাট, ১০ এপ্রিল – অবৈধ জ্বালানি তেল মজুত, কৃত্রিম সংকট তৈরি ও পাচার প্রতিরোধ করতে মোংলায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে মোংলায় এই যৌথ ভ্রাম্যমাণ আদালত কাজ করে। অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনের রিজার্ভ ফুয়েল ট্যাংক পরীক্ষা করা হয়।
একই সঙ্গে ফুয়েল মজুতের খাতা, ফুয়েল খরচের খাতা এবং লাইসেন্সের হালনাগাদ তথ্য যথাযথভাবে যাচাইবাছাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি তেলের পাচার ও অবৈধ মজুত রোধ করে বাজারে এর স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









