ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের চেকপোস্ট, চলছে যানবাহনে তল্লাশি

ঢাকা,১৮ নভেম্বর-ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা বাড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে সিরাজদিখান থানা-পুলিশ।
চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করছেন পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশের এ তৎপরতা মহাসড়কে নিরাপত্তা বাড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







