পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতার অভিযোগে তিন ইসরায়েলি ব্যক্তি ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ক্যানবেরা,১৮ নভেম্বর-অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরায়েলি ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকারের মতে, এসব কর্মকাণ্ড ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
বুধবার অস্ট্রেলিয়া সরকার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর এক দিন আগে পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে জানান, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও সংস্থাগুলো পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত। পাশাপাশি বসতি স্থাপনকারীদের জন্য অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস কর্মকাণ্ডে সহায়তা দেওয়ার কাজেও তারা যুক্ত।
এই নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি এবং সংস্থার সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন বা আর্থিক সহযোগিতা করতে পারবে না।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠন নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তালিকায় থাকা আরেক ব্যক্তি এলিয়াভ লিবির বিরুদ্ধে নিজের নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।
পেনি ওংয়ের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরের ই-১ বসতি প্রকল্পকে কেন্দ্র করে সহিংসতা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। ই-১ প্রকল্প বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের বিভিন্ন ভূখণ্ডের মধ্যে যোগাযোগ ও সংযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে জেরিকো শহরের একটি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, ওই এলাকায় সম্প্রতি বসতি স্থাপনকারীরা বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখল করে নিয়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল বরাবরই এ অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।
নিষেধাজ্ঞার বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে কথা বলার কথাও জানিয়েছেন পেনি ওং। বুধবার এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্ট্রেলিয়ার অবস্থান ইসরায়েলকে স্পষ্টভাবে জানানো হয়েছে। বসতি সম্প্রসারণের বিরোধিতা করা দেশটির দীর্ঘদিনের নীতির অংশ বলেও জানান তিনি।
এর আগে গত বছর অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। পরে ডিসেম্বরে সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হন। এসব ঘটনার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







