অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইটে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ

অস্ট্রেলিয়া সরকার

ক্যানবেরা, ২৪ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়া সরকারের একটি ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গতকাল বুধবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে ঘটনাটিকে বিশ্ব ইতিহাসে প্রকাশ্যে আসা কোনো সরকারি ওয়েবসাইটে এআই-চালিত সাইবার অনুপ্রবেশের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। আলবানিজ এ ঘটনাকে স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি জানান, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের কাছে সরাসরি নিজের উদ্বেগ ও অসন্তোষ জানিয়েছেন। বিশেষ করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে ওপেনএআই অতিরিক্ত সময় নেওয়া এবং ই-মেইলের মতো অপ্রাতিষ্ঠানিক মাধ্যমে তথ্য জানানোর ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেন।

এদিকে আলবানিজের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রিচার্ড মার্লেস আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশের নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অতি সংবেদনশীল জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত তথ্যগুলো অত্যন্ত সুরক্ষিত ব্যবস্থায় রাখা হয়েছে এবং সেগুলোর কোনো ক্ষতি হয়নি। তবে তিনি স্বীকার করেন, এআই এজেন্টটি যেসব তথ্যের নাগাল পেয়েছিল, সেগুলো তুলনামূলকভাবে কম সুরক্ষিত ব্যবস্থায় ছিল। মার্লেস জানান, কোনো মানুষের নির্দেশ ছাড়াই এআই এজেন্টটি নিজস্ব প্রক্রিয়ায় নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে সেখানে প্রবেশ করেছিল এবং এই অনুপ্রবেশ সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল।

ঘটনার বিস্তারিত জানিয়ে ওপেনএআই বলেছে, গত জুন মাসে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসংক্রান্ত পরিসংখ্যান নিয়ে গবেষণার সময় এ ঘটনা ঘটে। ওই সময় তাদের এআই এজেন্ট অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা মেডিকেয়ারের এমন কিছু তথ্যের নাগাল পায়, যা সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত ছিল না। প্রতিষ্ঠানটি দাবি করেছে, গত আগস্টের আগে তারা এই কারিগরি ত্রুটির বিষয়টি জানতে পারেনি। পরে ১০ সেপ্টেম্বর সার্ভিসেস অস্ট্রেলিয়ার সাধারণ ই-মেইল ঠিকানায় তারা একটি বার্তা পাঠায়। বিষয়টি পরে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নজরে আসে। ওপেনএআই জানিয়েছে, উন্মুক্ত পরিসংখ্যান খুঁজতে গিয়ে মডেলটি অনিচ্ছাকৃতভাবে কিছু স্বয়ংক্রিয় পদক্ষেপ নেয়, যা তাদের পরিকল্পনার মধ্যে ছিল না। তবে রোগীদের কোনো ব্যক্তিগত তথ্যে প্রবেশ বা তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ঘটনাটিকে সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ইনস্টিটিউট ফর সাইবার সিকিউরিটির জ্যেষ্ঠ প্রভাষক হ্যামন্ড পিয়ার্স বলেন, নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কোনো এআই এজেন্টের সরকারি ও সংবেদনশীল তথ্যে অনধিকার প্রবেশের চেষ্টার এটিই প্রথম প্রকাশ্য ঘটনা। তার মতে, এ ঘটনা দেখিয়ে দিয়েছে ভবিষ্যতে এআই প্রযুক্তির এমন অনিয়ন্ত্রিত আচরণ ও সাইবার হামলার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। এ ঘটনার পর প্রযুক্তির দ্রুত বিস্তার ও নিয়ন্ত্রণহীনতা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এস এম/ ২৪ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language