জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

ঢাকা, ৯ এপ্রিল – টানা বৃষ্টি ও সড়কের বেহাল দশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ যানজটে ঢাকামুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয় এবং দুপুরের দিকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

মূলত কাঁচপুর সেতু এলাকার নিচ দিয়ে ইউটার্ন ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যানবাহনের তীব্র চাপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পড়ে। এর প্রভাবে কাঁচপুর, শিমরাইল, মদনপুর ও ভূলতা সংযোগ এলাকা ছাড়িয়ে যানজট আরও ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে ছোট পুকুরের আকার ধারণ করেছে এবং পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে পাশাপাশি একাধিক যানবাহন চলাচল করতে পারছে না। ভারী যানবাহনগুলো অত্যন্ত ধীরগতিতে চলায় সংকট আরও ঘনীভূত হয়েছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বৃষ্টির প্রভাবে ঢাকা-সিলেট মহাসড়কের একটি বড় অংশ কাদা ও পানিতে তলিয়ে গেছে। সেখানে একবারে কেবল একটি গাড়ি চলাচল করতে পারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বহুগুণ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

যানজটে আটকে পড়া যাত্রীরা জানিয়েছেন, সামান্য কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় হচ্ছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় শিশু, নারী ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আধা ঘণ্টার পথ যেতে তিন ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। অন্যদিকে খানাখন্দ ও কাদাময় সড়কের কারণে গাড়ি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন চালকরা।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language