পশ্চিমবঙ্গ

নির্বাচনের আগে পাহেলগামের মতো ঘটনা ঘটতে পারে, আশঙ্কা মমতার

কলকাতা, ৬ এপ্রিল – চলতি মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার নদিয়া জেলার বেথুয়াডহরির এক নির্বাচনী জনসভা থেকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে আরেকটি পাহেলগামের মতো ঘটনা ঘটতে পারে।

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গণমাধ্যমে মন্তব্য করেছিলেন, ভারত ভবিষ্যতে কোনো অজুহাতে পাকিস্তানে হামলা চালালে তাদের পাল্টা জবাব কলকাতা পর্যন্ত গড়াতে পারে। এই প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জী প্রশ্ন তোলেন, কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে পশ্চিমবঙ্গের জনসভায় কোনো বক্তব্য দেননি।

তিনি বলেন, আমরা সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতায় আক্রমণের কথা বলেন, সেই বিষয়ে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে কেন চুপ থাকলেন। কেন তিনি জানালেন না যে এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও অভিযোগ করেন, এই নীরবতার পেছনে কোনো ব্লুপ্রিন্ট থাকতে পারে। নির্বাচনের আগে পাহেলগামের মতো কোনো ঘটনা ঘটানোর ছক করা হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

মমতা ব্যানার্জী স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা হলে রাজ্য চুপ করে বসে থাকবে না। এই সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করেন।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language