উত্তর আমেরিকা

ইরানের ছায়া ব্যাংকিং রুখতে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ওয়াশিংটন, ২৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার এক দাপ্তরিক বিবৃতিতে জানানো হয় যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসিকে আর্থিক সহযোগিতা ও নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে সহায়তার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় নিশ্চিত করেছেন যে তার মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এই সিদ্ধান্ত কার্যকর করেছে। তবে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো কোন কোন দেশের তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

ওয়াশিংটনের দাবি ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির অর্থ লেনদেনের জন্য একটি গোপন আর্থিক নেটওয়ার্ক বা ছায়া ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় পক্ষকে ব্যবহার করে তেল বিক্রির অর্থ আইআরজিসি এবং দেশটির সামরিক খাতের বিভিন্ন বিভাগে পৌঁছে দেওয়া হয়।

ইরানের ওপর আগে থেকেই মার্কিন তেল নিষেধাজ্ঞা থাকলেও এই গোপন ব্যবস্থার মাধ্যমে দেশটি বৈশ্বিক তেলের বাজারে নিজেদের সক্রিয়তা বজায় রাখছে। এই পরিস্থিতি মোকাবিলা করতেই যুক্তরাষ্ট্র নতুন এই নিষেধাজ্ঞার পথে হাঁটল।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language