জাতীয়

সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু, এ পর্যন্ত পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন

ঢাকা, ২৯ এপ্রিল – চলমান হজ মৌসুমে সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন যাত্রী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে সৌদি আরবে অবস্থানকালে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম মো. শামসুল আলম (৬৩)।

তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। গত মঙ্গলবার মদিনায় তার মৃত্যু হয়। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত সৌদিতে সর্বমোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল জামালপুরের মো. আব্দুল হাই মদিনায় এবং শেরপুরের মো. আবদুল্লাহ আল মামুন মক্কায় মারা যান। এ ছাড়াও ২৬ এপ্রিল দিনাজপুরের মো. খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক, ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য যে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল ঢাকায় আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে ফ্লাইট চলবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে।

দেশে ফেরার কার্যক্রম আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language