জাতীয়

আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি

ঢাকা, ১৮ আগস্ট – মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে অন্য যেকোনো পেশা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে এই পুন চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এই আদেশটি কার্যকর করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত পূর্বের চুক্তির মতোই বহাল থাকবে বলে জানানো হয়েছে।

ড. নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট বর্তমান সরকার তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল। ১৮ আগস্ট তিনি সেখানে যোগ দেন এবং পরবর্তীতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ওই ব্যাচের ১৪২ জনের মেধাতালিকায় চতুর্থ স্থানে ছিলেন। কর্মজীবনে ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং দীর্ঘ চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তিনি অবসরে গিয়েছিলেন।

এনএন/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language