দুবাইয়ে মার্কিন প্রতিষ্ঠান ওরাকলের ভবনে পড়ল প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ

আবুধাবি, ৪ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ইন্টারনেট সিটির একটি ভবনে প্রতিহত করা ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে।
শনিবার সকালে ভবনটি লক্ষ্য করে ইরান এই হামলা চালায় বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ভবনটি যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের। দুই দিন আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছিল। তারা ওরাকল, অ্যামাজন ও ফেসবুকসহ ১৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ওরাকলের ভবনে এই ধ্বংসাবশেষ আঘাত হেনেছে।
তবে দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার হওয়া ওই হামলায় নিহত ব্যক্তি মিসরের নাগরিক। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন মিসরীয়। হাবসান গ্যাস স্থাপনাটি আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায় এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। প্রাথমিকভাবে এটি সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ থাকলেও এখন তারা বাণিজ্যিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









