পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় ৪৩৩ জন গ্রেপ্তার

কলকাতা, ৭ মে – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতার ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে শুরু করে।
এসব ঘটনায় প্রতিপক্ষকে হুমকি, শারীরিক লাঞ্ছনা এবং ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ জমা পড়েছে। পুলিশ এ পর্যন্ত দুই শতাধিক প্রাথমিক অভিযোগ বা এফআইআর গ্রহণ করেছে এবং জড়িতদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হওয়ার তথ্য পুলিশ নিশ্চিত করেছে। এর মধ্যে একজন নান্নুর এবং অন্যজন নিউ টাউন এলাকায় মারা যান।
সিদ্ধনাথ গুপ্ত আরও জানান, দুটি মৃত্যুই বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ হুশিয়ারি দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুষ্কৃতকারীদের ধরতে মহানগরী জুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
কলকাতা পুলিশ এলাকা থেকে এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে ১৫ জনকে প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় আটক করা হয়েছে। এদিকে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। ওই সময় গাড়িতে থাকা অন্য এক তরুণ গুরুতর আহত অবস্থায় বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এস এম/ ৭ মে ২০২৬









