আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইঙ্গিত ইরানের

তেহরান, ৬ মে – আগ্রাসীদের হুমকি শেষ হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির নৌবাহিনী উল্লেখ করেছে যে আগ্রাসীদের পক্ষ থেকে হুমকির অবসান ঘটলে প্রণালিটি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তবে এই বিবৃতির বিস্তারিত ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। ইরানের নিয়ম ও নীতি মেনে জাহাজ পরিচালনা করার জন্য আইআরজিসি জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে হুমকি দূর হলে নতুন ব্যবস্থার মাধ্যমে নিরাপদ এবং স্থায়ী চলাচলের সুযোগ তৈরি করা হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরান তাদের এই অবস্থানের কথা জানালো।
অন্যদিকে ইসরায়েলি একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান বা অবরোধ প্রত্যাহারের কোনো চুক্তির সম্ভাবনা সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি আরও জানায় যে ইসরায়েল সংঘাত আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।
এনএন/ ৬ মে ২০২৬









