জাতীয়

সপ্তাহে ৩ দিন সরকারি অফিস চালুর খবরটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা, ২ এপ্রিল – বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সপ্তাহে মাত্র তিন দিন সরকারি অফিস চালুর যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়া। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বলে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি ভুয়া স্মারকপত্র সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। গত ১ এপ্রিলের তারিখ উল্লেখ করে ছড়ানো ওই ভুয়া স্মারকটির নম্বর ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০।

জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে তাদের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা বা পত্র জারি করা হয়নি। জনসাধারণকে এই মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language