ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্সের আলোচনা

রিয়াদ, ২ এপ্রিল – ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বুধবার ১ এপ্রিল এই দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় বলে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্সকে বিস্তারিত অবহিত করেছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা আনাদোলু তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। সেখানে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হলেও তা কেবল ছোট বার্তা আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবগুলোকে সম্পূর্ণ অবাস্তব ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে দেশটি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সরকারি তথ্যমতে, ওই হামলায় এক হাজার ৩০০ জনের বেশি ইরানি নাগরিক নিহত হন। এর জেরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক পাল্টা হামলা শুরু করে ইরান। তারা ইসরায়েল, জর্ডান, ইরাক এবং আরব উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায়।
ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









