দক্ষিণ এশিয়া

তামিলনাড়ু নির্বাচনে বিজয়ের চমক: সরকার গঠনে প্রয়োজন আরও ১০ আসন

চেন্নাই, ৫ মে – দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেই বড় ধরনের চমক দেখিয়েছেন। তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের মোট ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করেছে বিজয়ের দল। ফলে বর্তমানে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বা জাদুসংখ্যা অর্জন করতে বিজয়ের আরও ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে বিজয়ের। টিভিকে দলীয় সূত্রে জানা গেছে, তিনি ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন। এর আগে সকালে তিনি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হবেন।

সরকার গঠনের লক্ষ্যে ছোট দলগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে বিজয়ের দল। জানা গেছে, ৫টি আসন পাওয়া কংগ্রেস এবং ৪টি আসন পাওয়া পিএমকে বিজয়কে সমর্থনের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বামপন্থী দলগুলো এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ভিসিকে এবং ডিএমডিকের মতো ছোট দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এবারের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ডিএমকে নেতৃত্বাধীন জোট। তারা ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে জয়ললিতার দল এডিএমকে এবং বিজেপির জোট পেয়েছে ৫৩টি আসন। এডিএমকে বিজয়ের সাথে জোট করার আগ্রহ দেখালেও বিজেপির সাথে তাদের সখ্যের কারণে বিষয়টি অনিশ্চিত। কারণ বিজয় ইতোমধ্যেই বিজেপিকে তার নীতিগত শত্রু হিসেবে ঘোষণা করেছেন। এখন বিজয় শেষ পর্যন্ত কাদের সাথে জোট গড়ে ক্ষমতায় বসেন, তা দেখার জন্য মুখিয়ে আছে সবাই।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language