পশ্চিমবঙ্গে বড় পরিবর্তন: রুদ্রনীলের জয়, রাজ-সোহম-সায়ন্তিকার পরাজয়

কলকাতা, ৫ মে – দীর্ঘ ১৫ বছর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। রাজ্যটির বিধানসভা নির্বাচন ২০২৬ এ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। নির্বাচনে ওপার বাংলার তারকা প্রার্থীদের মধ্যে বড় চমক দেখিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
অন্যদিকে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জনপ্রিয় মুখ সোহম ও সায়ন্তিকা পরাজিত হয়েছেন। বিপরীতে বিজেপির প্রার্থী হিসেবে বড় জয় পেয়েছেন রুদ্রনীল ঘোষ।
ছাত্রজীবনে বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত থাকা রুদ্রনীলের রাজনৈতিক পথচলা বেশ বৈচিত্র্যময়। পরবর্তী সময়ে তৃণমূলের ঘনিষ্ঠ হলেও ২০২১ সালের নির্বাচনের আগে অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। গত নির্বাচনে জয় না পেলেও এবার নিজের ঘাঁটি শক্ত করে বিজয়ী হয়েছেন তিনি। হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেছেন রুদ্রনীল।
তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে ওই আসনে বিজেপির জয়রথ অব্যাহত রেখেছেন তিনি। এদিকে নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। ভোট গণনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার লিড কমতে শুরু করে। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ প্রায় ১০ হাজারের বেশি ভোটে সোহমকে পরাজিত করে জয় নিশ্চিত করেন।
অন্যদিকে উপনির্বাচনে জয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সায়ন্তিকা বন্দোপাধ্যায়ও বড় ব্যবধানে হেরেছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে প্রায় ১৬ হাজারের বেশি ভোটে পরাজয় বরণ করতে হয়েছে তাকে। এছাড়া শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। তবে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মাতা রাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুর কেন্দ্রে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী পরাজয়ের শিকার হয়েছেন।
এস এম/ ৫ মে ২০২৬









