ইউরোপ

রাশিয়ার ক্রিমিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ২৯

ক্রিমিয়া, ১ এপ্রিল – রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে। কৃষ্ণ সাগরের নিকটবর্তী ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি আছড়ে পড়ে। এতে বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী নিহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত আটটার দিকে এএন ২৬ মডেলের ওই সামরিক পরিবহন বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পূর্বনির্ধারিত একটি রুটে এটি ক্রিমিয়ায় উড়ছিল। ওই বিমানে মোট কতজন যাত্রী ছিলেন তা রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি এবং এখন পর্যন্ত কেউ বেঁচে থাকার খবরও পাওয়া যায়নি। রুশ বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এএন ২৬ মডেলের সামরিক পরিবহন বিমানগুলো মূলত ১৯৬০ এর দশক থেকে মালবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছে।

এই মডেলের বিমান এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে। ২০২২ সালে ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়। এর আগে ২০২০ সালে একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হয়েছিলেন, তবে সেবার এক যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এছাড়াও দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ রুশ নাগরিকসহ আটজনের মৃত্যু হয়। ২০১৭ সালে আইভরি কোস্টেও তাদের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন প্রাণ হারিয়েছিলেন।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language