ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র আন্দোলনের নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, ১ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকা থেকে তানভীর আহমেদ মেরাজ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কাউতলী এলাকার হাসান মিয়ার বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে ২২ বছর বয়সী এই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেরাজ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এবং কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ কক্ষের সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে তিনি ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থল অর্থাৎ কক্ষের দেয়ালে লেখা একটি হৃদয়বিদারক বার্তা পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, আমার এই দুনিয়াতে যা ভোগ করার সব আলহামদুলিল্লাহ ভোগ করা শেষ, আর দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা আমার নাই, তাই আমি নিজ ইচ্ছায় দুনিয়া ত্যাগ করিয়াছি। তিনি আরও লেখেন, আমি মেরাজ একটু অন্যরকম, আমার মতো কেউ হতে যায়েন না, অনেককে কষ্ট দিছি আমি, পারলে মাফ কইরেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এনএন/ ১ এপ্রিল ২০২৬









