ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়া, ১৫ মার্চ – ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে জেলার পৌর এলাকার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইলের বাসিন্দা আব্দুল কাইয়ুম চৌধুরী, মো. রাজু মিয়া, মো. ইতিহাস মিয়া, মো. ইয়াছিন মিয়া, আকাশ মিয়া এবং বিজয়নগর উপজেলার মো. নাহিদ হাসান।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি বলেন অভিযানের সময় ওই ছয় যুবক একটি বস্তা ফেলে দ্রুত পালানোর চেষ্টা করেছিল। সন্দেহজনক আচরণের কারণে সে সময় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। পরে তাদের ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে দুটি রামদা, চারটি ধারালো চাকু এবং একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language