ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, ৬ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার বিকেলে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় রবিবার বিকেলে সিলেট রেলওয়ের পুলিশ সুপার জান্নাত আফরোজ অবৈধ চোরাচালানের গোপন খবর পান। তার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের একটি দল আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান নেয় এবং ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালায়। এ সময় ট্রেনের মালবাহী বগি থেকে অবৈধভাবে আনা ভারতীয় শাড়িভর্তি ১৮টি বস্তা উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় ভৈরব স্টেশনে জব্দ করা শাড়ির বস্তাগুলো নামানো হয়। উদ্ধারকৃত শাড়ির মধ্যে রয়েছে ভারতীয় প্রাইম সিল্ক এবং কাতানসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোট ১ হাজার ৮০টি শাড়ি।

বর্তমান বাজারে এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান যে আসন্ন ঈদকে সামনে রেখে অবৈধ চোরাচালান বৃদ্ধির ব্যাপক আশঙ্কা রয়েছে। তবে এ ধরনের অপরাধ দমনে রেলওয়ে পুলিশের নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language