মধ্যপ্রাচ্য

কুয়েত ও বাহরাইনে ইরানের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

কুয়েত শহর, ১ এপ্রিল – কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা।

কর্তৃপক্ষের তথ্যমতে ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েতের এই ঘটনার পরপরই প্রতিবেশী দেশ বাহরাইনেও একই ধরনের হামলার খবর পাওয়া যায়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সেখানে একটি বাণিজ্যিক স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বাহরাইনের জরুরি সেবা বিভাগ সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মধ্যপ্রাচ্যের এই দুই দেশে প্রায় একই সময়ে সংঘটিত ড্রোন হামলাকে কেন্দ্র করে এই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩৩ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলের পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করছে।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language