গাজাগামী মানবিক সহায়তার নৌবহর আটক করল ইসরায়েলি নৌবাহিনী

তেল আবিব, ৩০ এপ্রিল – গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামক একটি নৌবহরকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকদের দাবি অনুযায়ী গ্রিসের কাছে ভূমধ্যসাগরে এই অভিযান চালানো হয়। তারা এই ঘটনাকে বিচারহীনতার এক চরম উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় যে চলতি মাসের ১২ এপ্রিল স্পেনের একটি বন্দর থেকে গাজাগামী এই দ্বিতীয় নৌবহরটি যাত্রা শুরু করেছিল।
এটি খাদ্য এবং অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ গাজায় পৌঁছানোর লক্ষ্যে রওনা হয়। আয়োজক পক্ষ এক বিবৃতিতে অভিযোগ করেছে যে এটি সরাসরি জলদস্যুতার শামিল। ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের বেআইনিভাবে আটক করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে কোনো রাষ্ট্র তার নিজস্ব জলসীমার বাইরে গিয়ে এ ধরনের অভিযান পরিচালনা করতে পারে না।
ইসরায়েল আন্তর্জাতিক নিয়মকে উপেক্ষা করে ইউরোপীয় উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানিয়েছেন যে নৌবহরটিকে ইসরায়েলি জলসীমায় প্রবেশের আগেই গতিরোধ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছরের অক্টোবর মাসেও একই ধরনের উদ্যোগে পাঠানো একটি নৌবহর গাজায় পৌঁছানোর আগে থামিয়ে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। সেই সময় জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৪৫০ জন অংশগ্রহণকারীকে আটক করা হয়েছিল।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









