লালমনিরহাট

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

লালমনিরহাট, ৩০ মার্চ – সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। রবিবার পৃথক দুটি অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের খবর পেয়ে রামখানা ও অনন্তপুর বিওপির দুটি বিশেষ টহলদল এই অভিযান চালায়।

সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং বেলা ১১টায় অনন্তপুর বিওপির টহলদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় এই বিশেষ তল্লাশি চালায়। অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং প্যান্টের কাপড়ের ৩টি থা

ন উদ্ধার করা হয়। বিজিবি কর্মকর্তারা জানান, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা। এর মধ্যে স্বর্ণকাতান শাড়ির মূল্য প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকা, সিল্ক শাড়ির মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্যান্টের কাপড়ের মূল্য ৩৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language