ইউরোপ

ট্রাম্পের সাথে আলোচনার দাবি সম্পূর্ণ অস্বীকার করল ইরান

তেহরান, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আলোচনার যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান।

কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্টের সাথে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের যোগাযোগ হয়নি। এর আগে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

তবে তেহরানের পক্ষ থেকে পাল্টা কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরপরই তিনি তার অবস্থান থেকে সরে আসেন বলে ধারণা করা হচ্ছে। যদিও মার্কিন হামলা স্থগিত করার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে গত দুই দিন ধরে ইরানের সাথে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।

তিনি আরও জানান আলোচনার ইতিবাচক অগ্রগতির ওপর ভিত্তি করে আগামী ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে দেওয়া এই নির্দেশের পাশাপাশি ট্রাম্প উল্লেখ করেন যে নির্ধারিত ৫ দিন আলোচনা অব্যাহত থাকবে এবং এর ফলাফলের ওপরই ভবিষ্যৎ পদক্ষেপ নির্ভর করবে।

তবে ইরানের এমন সরাসরি অস্বীকৃতির পর পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button