ইউরোপ

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্ক অবস্থানে কর্তৃপক্ষ

রোম, ১ আগস্ট – ইতালির দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর নেপলস ও এর পার্শ্ববর্তী এলাকায় ৪.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সংঘটিত এই ভূমিকম্পে পুরো নগরীজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির আওতাধীন ভিসুভিয়ান অবজারভেটরি জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোজ্জুওলির সলফাতারা এলাকার ক্যাম্পি ফ্লেগ্রেই অঞ্চলে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে এই কম্পনটি সৃষ্টি হওয়ায় এর তীব্রতা সাধারণের চেয়ে অনেক বেশি অনুভূত হয়েছে।

দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে কয়েকটি এলাকায় সাময়িকভাবে রেল ও গণপরিবহন চলাচল বন্ধ রেখে অবকাঠামোগত পরীক্ষা চালানো হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন ক্যাম্পি ফ্লেগ্রেই বিশ্বের অন্যতম সক্রিয় একটি সুপারভলকানো অঞ্চল। দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ গ্যাসের চাপ এবং পরিবর্তনের কারণে সেখানে ভূমির উচ্চতা ওঠানামার প্রক্রিয়া চলছে যাকে ব্র্যাডিসিজম বলা হয়। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গবেষকরা ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এনএন/ ১ আগস্ট ২০২৬


Back to top button