নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতে এনটিআরসিএকে সাত দিনের আলটিমেটাম

ঢাকা, ১ আগস্ট – বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন চাকরিপ্রার্থীরা। এই দাবিতে তারা রোববার থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এনটিআরসিএর বিধিমালা অনুযায়ী প্রতি বছর অন্তত একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও দীর্ঘ দুই বছর আট মাস ধরে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর ফলে বিপুল সংখ্যক মেধাবী প্রার্থীর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পার হয়ে যাচ্ছে এবং কয়েক লাখ চাকরিপ্রত্যাশী এখন চরম অনিশ্চয়তার মুখে দিন কাটাচ্ছেন।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অধিকার আদায়ে রোববার সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে একই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীও তাদের যোগদান ও পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন।
এনএন/ ১ আগস্ট ২০২৬









