ইউরোপ

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত: উত্তপ্ত ন্যাটো সীমান্ত, নামানো হলো যুদ্ধবিমান

ওয়ারশ, ৩১ জুলাই – ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের ভূখণ্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় একটি রকেট পোলিশ আকাশসীমায় প্রবেশ করে বিস্ফোরিত হয়।

এই ঘটনার পরপরই পরিস্থিতি মোকাবিলায় ন্যাটো জোটের এফ-১৬ যুদ্ধবিমান এবং একটি মাঝআকাশে জ্বালানি সরবরাহকারী বিমান জরুরি ভিত্তিতে আকাশে নামানো হয়। পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাম তারনাওয়া-কোলোনিয়ায় ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো প্রাণহানি না ঘটলেও চার বছরে পদার্পণ করা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার ন্যাটোভুক্ত দেশগুলোতে ছড়িয়ে পড়ার গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত অনুযায়ী এটি একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ছিল। ন্যাটো মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, উদ্ভূত পরিস্থিতিতে পোল্যান্ড এবং ন্যাটো তাদের সম্মিলিত আকাশ ও স্থল প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে। তিনি এই ঘটনাকে রাশিয়ার দায়িত্বজ্ঞানহীনতার আরেকটি নজির হিসেবে অভিহিত করেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করেছেন, এটি একটি রাশিয়ান কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল যা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করেছে। সংঘাত শুরুর পর থেকেই ন্যাটোর পূর্ব সীমান্তের দেশগুলোতে লক্ষ্যচ্যুত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যা এখন ইউরোপীয় নিরাপত্তার প্রধান চিন্তার কারণ।

ক্রমাগত বৃদ্ধি পাওয়া এই হুমকির মুখে পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ঢেলে সাজিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের পূর্ব সীমান্ত সুরক্ষায় একটি সমন্বিত ড্রোন ওয়াল গড়ে তোলার বিষয়টি নিয়ে কাজ করছে।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button