যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিমানের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষ, আহত ৪

ওয়াশিংটন, ২৩ মার্চ – যুক্তরাষ্ট্রের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। জানা গেছে কানাডার মন্ট্রিয়াল থেকে ছেড়ে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ মডেলের বিমান রানওয়েতে অবতরণের পর একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় সময় রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি কাত হয়ে আছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষে চারজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বিমানটিতে প্রায় ১০০ জনের মতো যাত্রী ছিলেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এই ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরটিতে গ্রাউন্ড স্টপ জারি করেছে। এর ফলে সব আগত ফ্লাইটকে অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা পূর্ববর্তী গন্তব্যে ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি গেটের দিকে অগ্রসর হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু নিশ্চিত করেনি।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









