আলী লারিজানি নিহতের জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধের ঘোষণা ইরানের

তেহরান, ১৮ মার্চ – ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। এই ঘটনার পর তেহরান তীব্র প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি এক কড়া বিবৃতিতে জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং অনুশোচনাযোগ্য। অন্যদিকে ইরানের শক্তিশালী সামরিক শাখা রেভল্যুশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে শহীদ আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের বদলা নিতে মধ্য ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। সেই হামলার প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা প্রাণ হারান। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবিরত হামলা চালিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। এর জেরে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে চরম অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে।
এস এম/ ১৮ মার্চ ২০২৬









