তেলআবিবে ইরানের মিসাইল হামলা: রামাত গানে দুজনের প্রাণহানি

তেল আবিব, ১৮ মার্চ – ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গান এলাকায় দুজনের প্রাণহানি ঘটেছে। মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন বাজার পর তারা নিজ বাসভবনের বোমা শেল্টারে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তেই মিসাইল আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। টাইমস অব ইসরায়েল হিব্রু সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, নিহত দুই ব্যক্তির বয়স সত্তরের কাছাকাছি। তাদের গুরুতর আহত অবস্থায় অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পড়ে থাকতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, তারা ভবনটির বোমা শেল্টারের দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে, ইরান তাদের নতুন এই হামলায় ক্লাস্টার বা গুচ্ছ মিসাইল ব্যবহার করেছে। সামরিক বাহিনীর তথ্যমতে, এই মিসাইলগুলোর প্রতিটিতে ২০টির মতো ছোট বোমা সংযুক্ত থাকে। মিসাইলগুলো যখন ভূপৃষ্ঠের কাছাকাছি নেমে আসে, তখন ভেতর থেকে ছোট বোমাগুলো ছড়িয়ে পড়ে। প্রতিটি ছোট বোমার ওজন প্রায় আড়াই কিলোগ্রাম। ফলে এই ধরনের বোমা যেকোনো স্থানে ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
এস এম/ ১৮ মার্চ ২০২৬









