সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

ঢাকা, ৭ মার্চ – সারাদেশে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ও বুধবারও দেশের আটটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের এই প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এনএন/ ৭ মার্চ ২০২৬









