মাদারীপুর

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ২ লাখ টাকা জরিমানা

মাদারীপুর, ২৬ ফেব্রুয়ারি – মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিশেষ অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে আরও দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদারীপুরের প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে এই সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম বা সামারি ট্রায়াল সম্পন্ন হয়।

অভিযান চলাকালে মস্তফাপুর এলাকার শাহাবুদ্দিন ফল ভান্ডার, মুজাহিদ ফল ভান্ডার, মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার এবং নিউ মাতৃ ভান্ডার সুইটস নামের চারটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে যথাযথ অনুমোদন ছাড়া নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি, বিপণন এবং কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন বিচারক।

অভিযানে মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ফেরদৌসী আক্তার উপস্থিত ছিলেন। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ লাইনস, সদর থানা পুলিশ এবং জেলা আনসার বাহিনীর সদস্যরা আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language